দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকায় ভেজাল কয়লার রমরমা ব্যবসা

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকায় ভেজাল কয়লার রমরমা ব্যবসা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে পাথর, বালু, কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় অসাধু কয়লা ব্যবসায়ী। 

বড়পুকুরিয়ার কয়লা খনি এলাকায় রাস্তার ধারে এসব অসাধু কয়লা ব্যবসায়ীরা গড়ে তুলেছেন অবৈধ কয়লার ব্যবসা। তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩-৪ মাস পর উত্তোলন করে রোদে শুকিয়ে পাওয়ারটিলার দিয়ে চাষ করে গুড়া বানিয়ে তার সাথে বালু, মাটি, পাথরের গুঁড়া ও বিভিন্ন মিল থেকে আনা কালো ছাই মিশিয়ে দীর্ঘ ১৫-২০ বছর একই ব্যবসা করছেন। তারা ওই কয়লা দেশের বিভিন্ন স্থানে ইটভাটা মালিকদের কাছে বিক্রি করছেন।

বালু, মাটি, পাথরের গুঁড়া, ছাই মিশ্রন করার অর্থ হচ্ছে ওজন বেশি করা। কারণ ছাই পাতলা এ কারণে কৌশল অবলম্বন করে খনি এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন এ অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আবার কেউ কেউ এসব মিশ্রিত কয়লা নিয়ে ভালো কয়লার সাথে মিশিয়ে বিক্রি করছেন। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। কয়লা খনি কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। 

দেখা যায়, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়। সেই পানিতে কয়লা এ্যাশ ধেয়ে আসে। ওই এ্যাশ ক্যানেলে জমা হয়ে থাকে। সেই এ্যাশ কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সাথে ছাই, বালু ও পাথরের গুঁড়া মিশিয়ে নানা রকম কৌশল করে বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলাতেও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪-৫ ট্রাক ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছে। 

এ বিষয়ে কয়লা খনি এলাকার অনেকের সাথে কথা হলে তারা জানান, কয়লার মালিকদেরকে ধোঁকা দিয়ে এ এলাকার কতিপয় ব্যক্তি কয়লা বিক্রির মালিক সেজে রমরমা অবৈধ ব্যবসা করছেন। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এতে করে এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটছে এবং সেই সাথে সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। উল্লেখ্য, এবার গত ১৬ নভেম্বর কয়লা খনি থেকে কয়লা বিক্রি শুরু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192049