রুশ জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ডে মস্কোর হেলিকপ্টার
আন্তর্জাতিক ডেস্ক : বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এর কয়েক ঘণ্টার পর ফিনল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে একটি রুশ হেলিকপ্টার।
জাহাজে হামলার ঘটনাস্থলটি ফিনল্যান্ড উপসাগরের কাছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেছেন, জাহাজে আগুন ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে। আর প্রধানমন্ত্রী পেতেরি অর্পো বলেন, ‘যুদ্ধ আমাদের একেবারে কাছাকাছি চলে আসছে। আগ্রাসী পক্ষের বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের আছে।’ স্থানীয় সময় শনিবার উপসাগরের পূর্বাঞ্চলে সুয়ুরসারি দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার একটি জাহাজে আগুন শনাক্ত করে ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা পেতেরি ব্লমভাল এএফপিকে বলেন, ইউক্রেনের ড্রোন হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়।
জাহাজটির নাম স্পার্টা-২। ওপেনস্যাংশনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটির ওপর ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। সন্দেহ করা হচ্ছে সিরিয়া থেকে রুশ অস্ত্র পরিবহন করা হচ্ছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ রাত ১১টার দিকে সেন্ট পিটার্সবার্গ ছেড়ে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের বাল্টিয়স্ক বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। পেতেরি ব্লমভাল বলেন, জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার খবর পাওয়ার পরপরই তারা ন্যাটোকে বিষয়টি জানিয়েছে। এছাড়া, উপসাগরের পূর্বাঞ্চলের আকাশসীমা ও সমুদ্র এলাকায় সাময়িক বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। ড্রোন হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর আন্তি হাক্কানেন বলেন, রাশিয়ার একটি হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এক্সে তিনি আরও বলেন, আকাশসীমা লঙ্ঘনের সন্দেহের সঙ্গে ফিনল্যান্ড উপসাগরে ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজকে ঘিরে উদ্ধার বা নজরদারি কার্যক্রমের সম্পর্ক থাকতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি ফিনল্যান্ডের ভূখণ্ডের ভেতরে সর্বোচ্চ ৪ দশমিক ১ কিলোমিটার প্রবেশ করেছিল। এর আগে পোল্যান্ড গত শুক্রবার জানায়, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। ওই এলাকায় আগে থেকেই ইউরোপীয় সেনাদের মহড়া চলছিল। এমন স্থানে ক্ষেপণাস্ত্র হামলাটি ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিযোগ করেছে পোল্যান্ড।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192013