বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার পর মিলি বাড়ির সামনে অবস্থিত নিজেদের দোকানের গেট খুলতে যান। এসময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ছটফট করতে দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে মেয়ে লিমু। এসময় সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191980