স্ট্যামফোর্ড ব্রিজে লিডসে বিধ্বস্ত চেলসি
স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিডস ইউনাইটেড। ২৭ বছর পর চেলসির মাঠে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে দলটি। লিডসের জয়ে জোড়া গোল করেছেন নোয়া ওকাফর। একটি করে গোল করেছেন ডমিনিক কালভার্ট-লুইন ও ব্রেন্ডেন অ্যারনসন।
নিজের প্রথম পূর্ণ ম্যাচে মাঠে নেমেই ২৩ বছর বয়সী স্ট্রাইকার এমানুয়েল এমেঘা গোল করে চেলসিকে এগিয়ে দেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিটের মধ্যেই সমতায় ফেরে লিডস। মাঝমাঠে জশ আচেমপং বলের বাউন্স ঠিকমতো বুঝতে না পারায় সুযোগ পেয়ে যান কালভার্ট-লুইন। তিনি বল বাড়িয়ে দেন ওকাফরের দিকে। বক্সের ভেতরে চেলসির তিন ডিফেন্ডার দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচু শটে বল জালে পাঠান সুইস ফরোয়ার্ড। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করে লিডস। জেমস জাস্টিনের দারুণ ক্রসে কালভার্ট-লুইনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। পরে তার আরেকটি হেড সরাসরি চলে যায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের হাতে। প্রথমার্ধের শেষ দিকে কালভার্ট-লুইনের ব্যাক-ফ্লিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে চেলসির খেলা ছিল বেশ অগোছালো। বিরতিতে মাঠ ছাড়ার সময় সমর্থকদের দুয়ো শুনতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় লিডস। ৪৮ মিনিটে জেডেন বোগলের শট মর্গান রজার্সের হাতে লাগে বলে সিদ্ধান্ত দেন রেফারি মাইকেল অলিভার। ভিএআরে দীর্ঘ সময় পর সিদ্ধান্ত বহাল থাকে। স্পটকিক থেকে গোল করে লিডসকে এগিয়ে দেন কালভার্ট-লুইন। গোলরক্ষক মার্তিনেজকে একদিকে পাঠিয়ে অন্যদিকে বল জালে পাঠান তিনি। এরপরও থামেনি লিডসের আক্রমণ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন ওকাফর। ডিফ্লেক্ট হয়ে আসা ক্রস থেকে পাওয়া বলে দারুণ ভলিতে চেলসির জালে বল পাঠান তিনি।
এরপর ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া চেষ্টা চালায় চেলসি। সেপ্টেম্বরের কারাবাও কাপের ম্যাচে লিডসের বিপক্ষে ৬-৩ গোলের জয়ের স্মৃতি থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু এবার আর তেমন কিছু হয়নি। উল্টো যোগ করা সময়ে ব্রেন্ডেন অ্যারনসন গোল করে লিডসের জয়কে আরও বড় করেন। ম্যাচের ২০ মিনিটের মাথায় চোটের কারণে মাঠ ছাড়তে হয় মোইসেস কাইসেদোকে। তার উঠে যাওয়ার পর থেকেই চেলসির খেলার ছন্দে বড় ধরনের প্রভাব পড়ে। রক্ষণেও একের পর এক ভুল করেছে দলটি। লিডসের আক্রমণ ঠেকাতে পারেনি তারা।
সেপ্টেম্বরে কারাবাও কাপের ম্যাচে এই স্ট্যামফোর্ড ব্রিজেই চেলসির কাছে ৬-৩ গোলে হেরেছিল লিডস। এবার সেই মাঠেই ৪-১ গোলের জয় তুলে নিয়ে প্রতিশোধ নিল দলটি। অন্যদিকে জাভি আলোনসোর অধীনে চেলসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন আরও জোরালো হলো। ম্যাচ শেষে আবারও সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে খেলোয়াড়দের। মৌসুমের শুরুতে যে আশাবাদ তৈরি হয়েছিল, এই হারে তা বড় ধাক্কা খেল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191973