কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক তিন এমপি ও এক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকায় আওয়ামী লীগের প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের বাসভবনে হামলা চালানো হয়। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।
এরপর রাত ৮টার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় একটি সংঘবদ্ধ দল। এর প্রায় আধা ঘণ্টা পর আওয়ামী লীগ সরকারের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান মুহিবের বাসভবনেও হামলা হয়। এসব ঘটনায় উপজেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একাধিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভা শেষে বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপরই সাবেক সংসদ সদস্য ও পৌর মেয়রের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।
এদিকে এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাসভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার পুত্রবধূ রোকসানা পারভীন রিপার অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা ব্যাপক ভাঙচুর চালান। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে হামলাকারীরা চলে যান।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগীদের কেউ অভিযোগ না করায় পরে পুলিশ ফিরে আসে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191960