দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেবো না : ডেপুটি স্পিকার

দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেবো না : ডেপুটি স্পিকার

দেশকে আর কখনো কারও ব্যক্তিগত সম্পত্তি বা একক আধিপত্যের জায়গা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এই দেশ সবার, এখানে কোনো ব্যক্তির একক কৃতিত্ব বা কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ নেই।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এর দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, বাংলাদেশকে আর কারও পৈতৃক সম্পত্তি কিংবা ‘আমিত্বের দেশ’ বানানো যাবে না। কেউ যেন বলতে না পারে, আমি বা আমার বাবা দেশকে স্বাধীন করেছি। কোনো একক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। এই দেশ সবার।

গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। অনেক কিছু দেখা ও সহ্য করা হয়েছে, এবার জেগে ওঠার সময় এসেছে।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ক্ষমতা কখনো স্থায়ী নয়। যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না; তাদের সঙ্গে সমন্বয় করেই দেশ পরিচালনা করতে হবে। জনগণকে শাসন নয়, তাদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। এ দেশের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না।

তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনসহ শত শত বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষের বহু সংগ্রামের নজির রয়েছে। এ দেশের মানুষ কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে যারা মনে করেন, তারা ভুল করছেন। বাঙালি বীরের জাতি, তারা কখনো মাথা নত করে না।

স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, ১৯৭১ সালে দেশমাতৃকার জন্য মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। পূর্বপুরুষদের প্রত্যাশিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পরবর্তী সময়েও বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হলেও দেশের মানুষ সংগ্রাম চালিয়ে গেছে।

তিনি বলেন, ১৯৯০ সালের আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনেও মানুষ জীবন দিয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণী প্রাণ হারিয়েছেন। বর্তমানে আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, পূর্বপুরুষেরা যেভাবে দেশের জন্য রক্ত দিয়েছেন এবং শিক্ষার্থীরা গণতন্ত্র রক্ষায় রাজপথে বুলেটের মুখোমুখি হয়েছেন, তেমনি প্রত্যেক নাগরিককে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণ প্রসঙ্গে তিনি জানান, নিজস্ব ভাষা থাকলেও হাজং ভাষা আগে বইয়ে লিপিবদ্ধ ছিল না। বিষয়টি জানার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে ‘মূলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। বইটিতে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রাখা হয়েছে, যাতে ভাষাটি হারিয়ে না যায়।

তিনি আরও জানান, প্রজন্ম থেকে প্রজন্মে হাজং ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এটি সংরক্ষণে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি মন্দিরে শিশুদের হাজং ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। মায়েদের সঙ্গে মন্দিরে আসা শিশুরা যেন হাতে-কলমে নিজেদের ভাষা শিখতে পারে, সে ব্যবস্থাও করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191956