স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ লক্ষ্যে স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল সরাসরি প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। ব্যানার-পোস্টারেও দলীয় পরিচয়ে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি কোনো প্রার্থীকে সমর্থন দিলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলের সিদ্ধান্তের বাইরে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত ছিল। সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে। পলাতক ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে এবং দেশে তাদের পুনরুত্থানের সুযোগ নেই।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, পলাতক ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে শহীদ আবু সাঈদসহ অন্যদের আত্মত্যাগকে বিসর্জন দেওয়ার চেষ্টা হলেও তাতে কোনো লাভ হবে না। কোনো জেলার মানুষ যদি থানা, সরকারি অফিস-আদালত কিংবা উন্নয়ন না চায়, তাহলে সরকার সেখানে এসব কার্যক্রম বাস্তবায়ন করবে না। জনগণের চাহিদার ওপরই সবকিছু নির্ভর করবে।

রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে নতুন কর্মসূচি নেওয়া হলে সেগুলো অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও জানান, রংপুর বিভাগের সব জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শুধু রংপুর জেলার উন্নয়নে বরাদ্দ রয়েছে সাড়ে ৫০০ কোটি টাকা। পাশাপাশি গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জন্য পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। বিভাগের মানুষের সর্বোচ্চ সুবিধার কথা বিবেচনায় রেখে উপযুক্ত স্থানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191955