পঞ্চগড় সীমান্তে পুঁইশাকের বীজ জব্দ করেছে বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডোগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২১ নভেম্বর) ভোরে সদর উপজেলার শ্যামেরডাঙ্গা ও বোদা উপজেলার লাহেড়ী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়। জব্দকৃত এসব বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191941