ধান সংগ্রহ কার্যক্রম কোন চক্রের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না : কালাইয়ে খাদ্য প্রতিমন্ত্রী

ধান সংগ্রহ কার্যক্রম কোন চক্রের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না : কালাইয়ে খাদ্য প্রতিমন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের চেয়ে এক টাকা বেশি। কৃষকেরা যাতে সরকার নির্ধারিত এ দাম পান, সে জন্যই সংগ্রহ কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না । আজ শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি) এসব কথা বলেন। 

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, কালাইয়ে প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য রয়েছে। তবে এরপরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান তিনি।

খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে সক্রিয় সিন্ডিকেট থাকার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো চক্র নেই। প্রতিটি জায়গায় ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা তাকে সরাসরি জানাতে কৃষকদের আহ্বান জানান।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191938