বগুড়ার শাজাহানপুরে বিজিবিবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ: আহত ১

বগুড়ার শাজাহানপুরে বিজিবিবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ: আহত ১

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিজিবি বাহী হানিফ পরিবহনের বাসের সাথে পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাভার্ড ভানের চালক কামরুজ্জামান (৪৮) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌঁনে ৪টার দিকে বগুড়া-নাটোর সড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। আহত কাভার্ড ভ্যান চালক যশোর জেলার মনিরামপুর থানার আব্দুল ওহাব গাজীর ছেলে।

দুর্ঘটনার সাথে সাথে শাজাহানপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য, বাসে থাকা বিজিবি সদস্য, শাজাহানপুর থানা পুলিশ ও বীরগ্রাম বন্দরের ব্যবসায়ীরা আতংকিতদের পাশে দাঁড়ান। সেই সাথে আহত ট্রাক চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের বাসে করে বিজিবি সদস্যরা নাটোর রোড দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন।

বিকেল পৌঁনে ৪টার দিকে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি বাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৫২৯৯) সাথে বিপরীতমুখী পণ্যবাহী ট্রাকের (রাজ মেট্রো ট- ১১-০০৭৯) মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ হলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

পাশে থাকা শাজাহানপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আতংকিত যাত্রীদের উদ্ধার করে। একপর্যায়ে শাজাহানপুর থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় শুধুমাত্র কাভার্ড ভানের চালক আহত হয়েছেন। তাকে উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191933