বগুড়ার মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

বগুড়ার মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

স্টাফ রিপোর্টার : বগুড়ার মাঠজুড়ে সোনালি আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি, কোথাও চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। অনুকূল আবহাওয়ায় ক্ষেতের ভালো ফলন ঘরে তোলার কাজে ব্যস্ত থাকার কথা কৃষকের। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা বৃষ্টিতে সেই কাজে ছন্দপতন ঘটেছে।

পাকা ধান হেলে পড়া, কেটে রাখা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির চারা নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন জেলার কৃষকরা। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে বগুড়ার বিভিন্ন কৃষিজমিতে পানি জমেছে।

কোথাও পাকা আমন ধান আবার কোথাও আগাম শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চিন্তিত কৃষকরা। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে আমন ধানের ফলন ও গুণগত মানের পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনেও ক্ষতির আশঙ্কা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে বগুড়ায় ১ লাখ ৮৪ হাজার ২৯৫ হেক্টর জমিতে ৬ লাখ ৬৭ হাজার মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এছাড়াও ১ লাখ ৫৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে ২১ লাখ ৫৯ হাজার ৬৪১ মেট্রিকটন রবি শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা চাষাবাদ শুরু করেছেন।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন মাঠে পাকা ধান বাতাস ও বৃষ্টিতে হেলে পড়ার পাশাপাশি অনেক নিচুর জমির কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। অনেক কৃষক কেটে রাখা ধান দ্রুত নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছেন। তবে বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না পেলে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এর সঙ্গে কোথাও কোথাও শ্রমিকসংকট কৃষকদের ভোগান্তি আরও বাড়িয়েছে। আমন ধানের পাশাপাশি আগাম শীতকালীন সবজি নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো, সরিষা ও আলুর আবাদ এবং বীজতলা রয়েছে। বৃষ্টি দীর্ঘায়িত হলে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সবজির চারার গোড়া পঁচে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা।

সদর উপজেলার শ্যামবাড়িয়া এলাকার কৃষক রতন মিয়া বলেন, অনেক পরিশ্রম করে আমন ধান করেছি। ফলনও ভালো হয়েছিল। এখন কাটার সময় বৃষ্টি ও বাতাসে ধান হেলে পড়ায় কাঙ্খিত ফলন তোলা নিয়ে ভয় হচ্ছে। কেটে রাখা ধান ভিজে গেলে এবং রোদ না পেলে অনেক ক্ষতি হয়ে যাবে।

একই এলাকার কৃষক এরশাদ আলী বলেন, মাঠে পাকা ধান রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো কাটা ও মাড়াই করা যাচ্ছে না, শ্রমিকেরও সংকট রয়েছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং ধানের ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে সম্ভব হবে না। কৃষক আব্দুল গফুর বলেন, আমন ধানের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, চলতি রোপা আমন মৌসুমে ১ লাখ ৮৪ হাজার ২৯৫ হেক্টর জমিতে ৬ লাখ ৬৭ হাজার মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এছাড়াও ১ লাখ ৫৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে ২১ লাখ ৫৯ হাজার ৬৪১ মেট্রিকটন রবি শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা চাষাবাদ শুরু করেছেন।

তিনি আরও বলেন, আমন ধান ঘরে তোলার সময় বৈরি আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধান এবং কেটে রাখা ধান নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। ক্ষতি এড়াতে পাকা ও কাটা ধান দ্রুত নিরাপদে ঘরে তোলার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191930