দেশকে কারও পৈতৃক সম্পত্তি বা আমিত্বের দেশ বানাতে চাই না’: ডেপুটি স্পিকার
এই দেশকে কারও পৈতৃক সম্পত্তি বানাবো না এবং আর কখনো আমিত্বের দেশ বানাতে চাই না—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, আমিত্ব বাংলাদেশে আর চলবে না।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অতীতের মতো প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরে পূর্বপুরুষেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন; গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্ন সময়ে মানুষ জীবন দিয়েছেন। সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনে দেড় মাসে প্রায় এক হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণী ও যুবকের প্রাণ গেছে। অথচ আবারও অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।
স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে কায়সার কামাল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেক নাগরিককে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা পরিবারের কৃতিত্বে নয়, জনগণের সম্মিলিত অবদানেই দেশের স্বাধীনতা এসেছে। তাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে জনগণের কথা বলতে হবে, কোনো ব্যক্তির কথা নয়।
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, বারবার তারাই ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না, তারা গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতে চায়। জনগণকে শাসন নয়, তাদের আস্থা অর্জন করতে হবে।
আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ দেশের মানুষ দাসত্ব ও বশ্যতা স্বীকার করেনি। কোনো আধিপত্যবাদী বা সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে নিজেদের করদ রাজ্যে পরিণত করার চিন্তা করলে ভুল করবে।
হাজং সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়ে কায়সার কামাল বলেন, নতুন প্রজন্ম যেন হাতে-কলমে হাজং ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রচেষ্টা করা হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত দিনব্যাপী এ উৎসবে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং। উৎসবে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191916