নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

আজ শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন ও তাদের দুই আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, চুলার গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাসলাইনে লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল।

সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ চারজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, "ঘটনাস্থলে আমাদের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191888