ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুদ্ধে করতে গিয়ে ৮১টি উড়োযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ যুদ্ধে দেশটির ব্যয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩ বিলিয়ন বা ৪ হাজার ৮৩০ কোটি ডলার। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির ২০ নভেম্বর প্রকাশিত এক ইনফোগ্রাফিকে এ তথ্য জানানো হয়েছে।
ইনফোগ্রাফির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হয়। নভেম্বর ২০২৬ পর্যন্ত পাল্টাপাল্টি হামলার ফলে যুক্তরাষ্ট্রের ৮১টি উড়োযান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত বা হারানো উড়োজাহাজের মধ্যে রয়েছে ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন, ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল, সাতটি কেসি-১৩৫, চারটি এএইচ-৬ লিটল বার্ড হেলিকপ্টার, তিনটি এমকিউ-১ ড্রোন এবং দুটি করে এ-১০ থান্ডারবোল্ট-২ ও এমসি-১৩০জে কমান্ডো-২। এছাড়া একটি করে এফ-৩৫এ লাইটনিং-২, ই-৩ (এডব্লিউঅ্যান্ডসি), এমকিউ-৪সি ড্রোন, এইচএইচ-৬০ডব্লিউ, এএইচ-৬৪ ও এমএইচ-৬০ হেলিকপ্টার হারানো বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইনফোগ্রাফিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার চিত্রও দেখানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, বিমানঘাঁটি, দূতাবাস, রাডার স্থাপনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও স্যাটেলাইট টার্মিনাল। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকসহ বিভিন্ন স্থানে এসব স্থাপনার অবস্থান চিহ্নিত করা হয়েছে। ইনফোগ্রাফিটির নিচে তথ্যসূত্র হিসেবে সিআরএস, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও পেন্টাগনের নাম উল্লেখ করা হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191868