কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নিয়ে জটিলতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নিয়ে জটিলতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দুধকুমার নদের ওপর মেয়াদ উত্তীর্ণ প্রায় দেড়শ’ বছরের পুরানা রেল সেতুর পাশে একটি আর সিসি গার্ডার সেতু নির্মাণের উদ্েযাগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগ। 

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুধকুমার নদের ওপর তৎকালিন বৃটিশ সরকারের নির্মিত রেল সেতুর দক্ষিণ পাশে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজে ধীরগতির কারণে চার দফা সময় ও  প্রকল্প ব্যয় ৭ কোটি টাকা বাড়িয়ে সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ পর্যায়ে। সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে স্থল বন্দরের পাথরবোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন। এরই মাঝেই পাথরবোঝাই ট্রাকের ভারে পুরাতন সেতুর স্টিলের অংশের পাটাতন ভেঙে যানবাহন  যান চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে ভোগান্তিতে পরে জনসাধারণ।

জানা যায়, সোনাহাট সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা জমি বলে দাবি কওে আসছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি পত্র প্রেরণ করে। একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহণ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জমির কাগজ ও নথিপত্র দেখে জানা যায়, উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নং দাগে জমির পরিমাণ ১৪১ দশমিক ২৬ শতক এবং দাগ নং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ এ জমির পরিমাণ ৪২৯ দশম ৯৭ শতকসহ মোট ৫৭১ দশমিক ২৩ শতক জমি ৫টি পক্ষে ৩৮ জন অংশীদার। স্থানীয় ব্যক্তিরা বর্তমানে এই ৬ একর জমির মালিকানা দাবি করছে। 

জমির মালিকানা দাবি করা আব্দুল জলিল, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ আরো অনেকে জানান, এই জমি তাদের পৈতৃক সম্পত্তি। তিনটি রেকর্ড রয়েছে তাদের  নামে। অথচ রেলওয়ে তাদের জমি বলে দাবি করছে। তাদের প্রশ্ন জমির প্রকৃত মূল্য না দিয়ে যদি বাড়িঘর ভেঙে দেয় তাহলে  তারা কোথায় যাবে?

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটের বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সওজ’র উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, ইতিমধ্যে সোনাহাট সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি। অধিগ্রহণের কাজটি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখা হচ্ছে। অধিগ্রহণের কাজ শেষ হলে দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।

এ বিষয়ে সেতুর  কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, সেতুটির ওপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সাথে জটিলতা সৃষ্টি হয়েছে। এবিষয়ে আন্তঃমন্ত্রণালয় ৩টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে অধিগ্রহণের প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে আমরা কাজ করছি বলে জানান তিনি।

এদিকে ৩ বছরে সেতুটি নির্মাণকাজ শেষ করার কথা  থাকলেও সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে ৭ বছর। এই সংযোগ সড়ক নির্মাণ করতে আরো কত বছর লাগবে এনিয়ে দেখা দিয়েছে জনমনে প্রশ্ন?

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191855