ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদির ভয়াবহ হামলায় নিহত ৪১

ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদির ভয়াবহ হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবারের (২০ নভেম্বর) এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠিটির সরকার।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক বিবৃতিতে হুতির পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছে। শুক্রবার ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত স্থাপনাও রয়েছে। পাশাপাশি রাজধানী সানা, সা’দা ও তায়িজে আরও হামলার ঘোষণা দিয়েছে জোটটি। মন্ত্রণালয় বলেছে, এ হামলা আবারও ‘শত্রুপক্ষের কুৎসিত চেহারা এবং ইয়েমেনের জনগণ ও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার একগুঁয়েমি’ প্রকাশ করেছে। এসব হামলার ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক পরিণতির জন্য সৌদি শাসকগোষ্ঠীকে সম্পূর্ণ দায়ী করেছে মন্ত্রণালয়।

এদিকে হুতির পররাষ্ট্রমন্ত্রী এ হামলাকে ‘হঠকারি কাজ’ বলে বর্ণনা করেছেন। তার দাবি, সৌদি আগ্রাসী পক্ষকে এর জন্য বড় মূল্য দিতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও পাল্টা জবাব দেয়ার বৈধ অধিকার রয়েছে তাদের। একই সঙ্গে প্রতিরোধের ভারসাম্য বজায় রাখতে ‘উত্তেজনার জবাব উত্তেজনা’ কৌশলের গুরুত্বও তুলে ধরা হয়েছে। সৌদি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। ইয়েমেনের ১২ বছর ধরে চলা সৌদি অবরোধের প্রসঙ্গ তুলে হতি সরকারের মুখপাত্র ওমর আল-বুখাইতি বলেন, ইয়েমেনে খাদ্য ও অন্যান্য সরবরাহ পৌঁছানোর প্রধান বন্দরে হামলা চালানো হচ্ছে জনগণের দুর্ভোগ আরও বাড়ানো এবং অবরোধ কঠোর করার ‘পরিকল্পিত চেষ্টা’।

তিনি বলেন, এ হামলার ফলে জেদ্দা বন্দরসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দর হুতির সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ’ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে হুতির সশস্ত্র বাহিনীর মুখপাত্র সতর্ক করে বলেছিলেন, সৌদি আরব হুদায়দাহ বন্দরে হামলা চালালে তারাও দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে আঘাত হানবে। সেই সতর্কবার্তার মধ্যেই এ হামলা চালানো হলো।

এদিকে পৃথকভাবে হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমানের বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাত নারী রয়েছেন। এ ছাড়া সানা, তায়িজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে আহত হয়েছেন আরও ২৮ জন। সর্বশেষ হতাহতের ঘটনায় সৌদি আরবের সাম্প্রতিক হামলায় নিহত ইয়েমেনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। আহত হয়েছেন আরও ৯২৪ জন। সূত্র : প্রেস টিভি 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191844