জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : হঠাৎ করে বৃষ্টির পানি হওয়ায় জয়পুরহাটে জমিতে থাকা পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। অপরদিকে আগাম জাতের আলু রোপণ করেও ক্ষতির মুখে পড়েছে তারা। এতে বেড়েই চলেছে ভোগান্তি। দুইদিনে বৃষ্টির কারনে নিচু জমিতে পানি জমে রোপণকৃত আলুর ক্ষেত ও ধান নিয়ে বিপাকে পড়েছে অনেকই। এছাড়া কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া অনেক মানুষের রোজগার বন্ধ রয়েছে। এ অবস্থায় আর ২/১ দিন আকাশ থেকে বৃষ্টির পানি পড়া অব্যাহত থাকলে বড় বিপদের মধ্যে পড়তে হবে বলে জানান চাষিরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৭০ হাজার ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছুদিন পূর্বে অসময়ে বৃষ্টির কারণে অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। বর্তমানে ধান কাটা শুরু হয়েছে। প্রায় অর্ধেক ধান মাঠ থেকে বাড়িতে এসেছে। যে সব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে চাষিরা আগাম জাতের আলু রোপণ করেছে। বৃষ্টির কারণে রোপণকৃত আলুর ওপরের মাটি চাপা পড়ে গাছ না গজিয়ে পঁচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারও জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম জাতের তিন হাজার ৪৩০ হেক্টর জমিতে আলু রোপণের আশা করা হচ্ছে। 

গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে কৃষকের পাশাপাশি খেটে খাওয়া মানুষগুলো। স্বাভাবিক কাজকর্ম ব্যহত হওয়ায় কমেছে রোজগার। বিশেষ করে মাঠে আগাম জাতের আলু রোপণ ও পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। জেলার অধিকাংশ মাঠে বিশেষ করে নিচু জমিতে পানি জমেছে। এতে ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরফলে খড় বা গোখাদ্য সংকটের বিষয়ে তারা চিন্তায় রয়েছেন।  

শুক্রবার জুমার নামাজের পর থেকে চলছে বৃষ্টি। বিরূপ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। বৃষ্টির সাথে বেড়েছে শীতের প্রকোপ। পেটের তাগিদে খেটে খাওয়া মানুষ মোটা কাপড় পড়িয়ে বের হচ্ছেন। অন্য দিনের তুলনায় রাস্তায় লোকজনের সমাগম কম।

জেলার কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের কৃষক মোক্তাদিল আলম বলেন, কয়েকদিন আগে চার বিঘা জমির ধান গাছ কেটে শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে। শুক্রবারে আনার কথা ছিল, বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় তা আনা সম্ভব হচ্ছে না। এতে ধানের যেমন ক্ষতি হবে, সাথে খরও নষ্ট হয়ে যাবে। আলু রোপণও দেরিতে যাবে। এভাবে ক্ষতি হলে টিকে থাকায় দায়। 

ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের চাষি আবুল খায়ের বলেন, ধান কেটে দুই বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছি। গাছ গজাতে বৃহস্পতিবারে সেচ দিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে, জমিতে পানি জমে গেছে। সব বীজআলু পঁচে যাবে, তাই সেগুলো তুলে নিচ্ছি। এ অবস্থায় আমাদের করার কি আছে ? আসলে বড় বিপদে আছি আমরা কৃষকরা। 

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাদিয়া সুলতানা জানান, বৃষ্টিতে কৃষক বেকায়দায় পড়েছে। পাকা ধান কেটে রাখায় তা পানিতে তলিয়ে গেছে। আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টি পানি বড় বাঁধা হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় যদি বৃষ্টি থেমে যায় তবুও আলু রোপণের সম্ভাবনা রয়েছে। আর যদি ২/১ অব্যাহত থাকে, তাহলে এলাকার কৃষকরা চরম বেকায়দায় পড়বে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191842