১ ক্লাউড ছাড়াই হাতের মুঠোয় ব্যক্তিগত এআই ল্যাব

১ ক্লাউড ছাড়াই হাতের মুঠোয় ব্যক্তিগত এআই ল্যাব

মোঃ রেজাউল করিম রাজু : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল দূরবর্তী ক্লাউড সার্ভারের ওপর নির্ভরশীল নয়; ব্যক্তিগত কম্পিউটারে সরাসরি এআই মডেল পরিচালনার প্রবণতা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই প্রযুক্তিক রূপান্তরকে কেন্দ্র করে বিশ্বখ্যাত হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে নিয়ে এসেছে তাদের ক্ষুদ্র অথচ অত্যন্ত শক্তিশালী ডেস্কটপ 'এআই টপ অ্যারো'।

এনভিডিয়ার অত্যাধুনিক স্পার্ক প্ল্যাটফর্মে নির্মিত এই যন্ত্রটিকে মূলত ব্যক্তিকেন্দ্রিক এক পূর্ণাঙ্গ 'এআই স্টুডিও' হিসেবে উপস্থাপন করা হয়েছে। গত ১০ নভেম্বর তাইওয়ানের রাজধানী তাইপেতে আনুষ্ঠানিকভাবে এই উদ্ভাবনী কম্পিউটারের ঘোষণা দেওয়া হয়। সাধারণ দৃষ্টিতে ডিভাইসটি দেখলে শক্তিশালী কোনো পিসির কথা মনে না-ও হতে পারে, কারণ এর চ্যাসিস বা কাঠামোর ধারণক্ষমতা মাত্র এক লিটার। অথচ এই সংক্ষিপ্ত জায়গার মধ্যেই অত্যন্ত নিখুঁতভাবে এআই কম্পিউটিংয়ের প্রয়োজনীয় আধুনিক হার্ডওয়্যার স্থাপন করা হয়েছে। ফলে বিশাল টাওয়ার কেসিংয়ের ঝামেলা এড়িয়ে সৃজনশীল পেশাজীবীদের টেবিল বা ব্যক্তিগত স্টুডিওতে এটি সহজে জায়গা করে নিতে পারে। 

কম্পিউটারটির মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এনভিডিয়ার 'আরটিএক্স স্পার্ক এনওয়ানএক্স' সুপারচিপ। এতে রয়েছে ২০ কোরের এনভিডিয়া গ্রেস প্রসেসর (সিপিইউ) এবং এনভিডিয়ার সর্বশেষ ব্ল‍্যাকওয়েল স্থাপত্যের আরটিএক্স গ্রাফিক্স প্রসেসর (জিপিইউ)। ভারী কাজের জটিল হিসাব-নিকাশ নির্বিঘ্ন করতে এতে রাখা হয়েছে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স সমন্বিত মেমোরি এবং সর্বোচ্চ ৪ টেরাবাইট ধারণক্ষমতার দ্রুতগতির পিসিআইই জেন-৫ এসএসডি (সলিড স্টেট ড্রাইভ)। 'এআই টপ অ্যারো'র প্রধানতম আকর্ষণ হলো কোনো ক্লাউড সার্ভারের সংযোগ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ক্ষমতায় বড় এআই মডেল চালানোর সুবিধা। স্থানীয়ভাবে ডেটা বিশ্লেষণ এবং সফটওয়্যার পরীক্ষা করার সুযোগ থাকায় ব্যবহারকারীর গোপনীয় তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকে। পাশাপাশি ক্লাউডভিত্তিক সেবার ব্যয়বহুল সাবস্ক্রিপশন খরচ বাঁচিয়ে তাৎক্ষণিক ফলাফল পাওয়ার নিশ্চয়তা তৈরি হয়। 

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই পিসিটি শুধুমাত্র এআই ল্যাবের কাজই করে না; বরং কনটেন্ট তৈরি, কোডিং এবং উচ্চমানের গেমিংয়েও সমান পারদর্শী। ছবি ও ডিজিটাল আর্ট তৈরির জনপ্রিয় টুল 'কমফাইইউআই' কিংবা অডিও-ভিডিওর মান উন্নত করতে 'এনভিডিয়া ব্রডকাস্ট' প্রযুক্তি এতে সাবলীলভাবে কাজ করে। এছাড়া গেমারদের জন্য ব্ল‍্যাকওয়েল জিপিইউ এবং ডিএলএসএস ৫ (ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং) প্রযুক্তি যুক্ত রয়েছে, যা নিউরাল রেন্ডারিংয়ের মাধ্যমে নিখুঁত আলো-ছায়ার বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। ডেভেলপারদের জন্য এটি একটি পোর্টেবল পরীক্ষাগারের মতো। 

এনভিডিয়া কুডা, ওলামা ও এলএম স্টুডিও প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে উন্মুক্ত এআই মডেল স্থানীয়ভাবে চালানো ও পরিমার্জন করা যায়।এমনকি স্বয়ংক্রিয় এআই এজেন্ট দীর্ঘক্ষণ চালু রেখে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করা সম্ভব। বিশেষ নেটওয়ার্ক ফিচার 'এনভিডিয়া পেয়ার' বা পার্সোনাল এআই রাউটারের সাহায্যে একাধিক কম্পিউটারকে একই নেটওয়ার্কে যুক্ত করে জটিল এআই কাজের ভার ভাগ করে নেওয়া যায়। ক্ষুদ্রাকৃতির ডিভাইসে অতিরিক্ত তাপ উৎপাদন রোধে গিগাবাইট এতে যুক্ত করেছে নিজস্ব বিশেষ কুলিং সিস্টেম (শীতলীকরণ ব্যবস্থা), যা টানা ভারী কাজের সময়েও যন্ত্রের কর্মক্ষমতা অটুট রাখে। 

দ্রুতগতির ডেটা ট্রান্সফারের জন্য ডিভাইসটিতে ইউএসবি টাইপ-সি ছাড়াও ১০ গিগাবিট ইথারনেটএবং অত্যাধুনিক ওয়াই-ফাই ৭ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে। গিগাবাইটের 'এআই টপ অ্যারো' কেবল আরেকটি নতুন কম্পিউটার নয়, এটি মূলত এআই প্রযুক্তির ওপর মানুষের ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ। প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে ক্লাউড সেবার ওপর অতি-নির্ভরশীলতা ডেটার গোপনীয়তা ও ব্যয় নিয়ে নানা প্রশ্ন তুলছে।

এমন পরিস্থিতিতে নিজস্ব টেবিলে বসেই ক্লাউডহীন এআই ইকোসিস্টেম তৈরি করার এই সুযোগ আগামী দিনে ডভলপার, ফ্রিল্যান্সার ও গবেষকদের কাজের ধারাকে মৌলিকভাবে বদলে দিতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191837