পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা
সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে তারা প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সহমর্মিতা জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঘটনাস্থলে যায়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের আমির মো. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ এবং ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুসহ স্থানীয় নেতারা।
পরিদর্শন শেষে জামায়াত নেতারা বলেন, সিলেট নগরে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরের ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ নগরের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191823