শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। আটক ব্যক্তিরা হলেন নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তিন শিশু সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)।

তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191820