হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ: ফ্রি সীমা পেরোলেই কি খরচ বাড়বে?
হোয়াটসঅ্যাপে প্রতিদিন জমা হয় অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি। ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন কিনলে পুরোনো চ্যাট ফিরে পেতে ব্যাকআপের প্রয়োজন হয়। এত দিন গুগল ড্রাইভ বা আইক্লাউডে এই ব্যাকআপ রাখা যেত। এবার নিজস্ব ক্লাউড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। সেখানে নির্দিষ্ট পরিমাণ জায়গা বিনামূল্যে পাওয়া যাবে। তবে বেশি স্টোরেজ প্রয়োজন হলে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হতে পারে।
নিজস্ব ক্লাউড স্টোরেজ আনছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েববিটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন ক্লাউড স্টোরেজ ফিচারটি এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে। নির্বাচিত কয়েকজন অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভের পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউডেও চ্যাট ব্যাকআপ রাখতে পারবেন।
বিনামূল্যে মিলবে ২জিবি স্টোরেজ
নতুন এই পরিষেবায় ব্যবহারকারীদের ২জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যাদের আরও বেশি জায়গা প্রয়োজন, তাদের জন্য থাকবে পেইড সাবস্ক্রিপশন।
কোন প্ল্যানের কত দাম?
প্রাথমিক রিপোর্টে ভারতে দুটি সাবস্ক্রিপশন প্ল্যানের কথা জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ প্লাস: মাসে ৭৯ টাকা খরচ করলে সর্বোচ্চ ১০০জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। মেটা ওয়ান কোর: এই প্ল্যানের মাসিক খরচ ৫৪৯ টাকা। এতে সর্বোচ্চ ৪টিবি স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে উল্লেখিত দাম ভারতীয় মুদ্রায়। এগুলো সম্ভাব্য মূল্য। চূড়ান্ত দাম সংস্থার ঘোষণার পরই নিশ্চিত হবে।
সাবস্ক্রিপশন বন্ধ করলে কী হবে?
রিপোর্ট অনুযায়ী, পেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও শেষ ব্যাকআপটি চার মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপের সার্ভারে রাখা হতে পারে। এই সময়ের মধ্যে সাবস্ক্রিপশন চালু না করলে ব্যাকআপ স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই পরিষেবাটি ব্যবহার করলে সাবস্ক্রিপশনের মেয়াদ খেয়াল রাখা জরুরি।
ব্যাকআপ কতটা নিরাপদ থাকবে?
নতুন ক্লাউড স্টোরেজে রাখা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকবে। এই নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করার সুযোগ থাকবে না। অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড, পাসকি অথবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করতে পারবেন। যারা এনক্রিপশন ছাড়া ব্যাকআপ রাখতে চান, তাদের গুগল ড্রাইভ বা আইক্লাউড ব্যবহার করতে হবে।
কবে চালু হবে নতুন ফিচার?
এখনো নির্বাচিত অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারের পরীক্ষা চলছে। ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা শুরু হতে পারে। তবে কবে সবার জন্য সুবিধাটি চালু হবে, তা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ। নতুন এই পরিষেবা চালু হলে চ্যাট ব্যাকআপ রাখার জন্য ব্যবহারকারীরা আরও একটি বিকল্প পাবেন। তবে বিনামূল্যের ২জিবি জায়গা শেষ হয়ে গেলে অতিরিক্ত স্টোরেজের জন্য পেইড প্ল্যান নিতে হতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191810