কখনো ভেবেছেন মাউস কার্সর বাঁকানো কেন হয়? জানলে অবাক হবেন!
কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় মাউসের কার্সরের দিকে কি কখনো খেয়াল করেছেন? ছোট্ট তীরচিহ্নটি সোজা না হয়ে একদিকে কিছুটা হেলানো। প্রতিদিন অসংখ্যবার চোখের সামনে এলেও এর এমন আকৃতির কারণ জানেন না অনেকেই। মজার বিষয় হলো, কার্সরের এই নকশার পেছনে রয়েছে কয়েক দশক আগের প্রযুক্তিগত সীমাবদ্ধতার গল্প।
মাউসের ব্যবহার প্রথমবার প্রকাশ্যে দেখানো হয়েছিল ১৯৬৮ সালে। প্রযুক্তিবিদ ডগলাস এঙ্গেলবার্টের সেই ঐতিহাসিক প্রদর্শনীতে কম্পিউটারের পর্দায় যে পয়েন্টার দেখা গিয়েছিল, সেটি ছিল সোজা তীরচিহ্নের মতো। তখনকার কম্পিউটারে কার্সরের এমন নকশাই ব্যবহার করা হতো। কিন্তু কয়েক বছরের মধ্যেই বদলে যায় সেই নকশা। এর পেছনে ছিল কম্পিউটারের পর্দার রেজোলিউশন এবং পিক্সেলের সীমাবদ্ধতা।
কম পিক্সেলই বদলে দিয়েছিল কার্সরের নকশা
১৯৭৩ সালে জেরক্স অল্টো কম্পিউটার সামনে আসার সময় কার্সর দেখানোর জন্য পর্দায় বরাদ্দ ছিল মাত্র ১৬ বাই ১৬ পিক্সেলের জায়গা। এত ছোট পরিসরে সোজা তীরচিহ্নকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা কঠিন হয়ে পড়েছিল। পিক্সেলের কারণে তীরের দুই পাশের রেখা অসমান ও ভাঙাচোরা দেখাত। ফলে দূর থেকে কার্সরের আকৃতি সহজে বোঝা যেত না।
এই সমস্যা সমাধান করতেই পয়েন্টারের নকশায় পরিবর্তন আনা হয়। তীরচিহ্নটিকে সামান্য একদিকে কাত করে দেওয়া হয়। এতে এর একটি কিনারা উল্লম্ব রাখা সম্ভব হয়, অন্য কিনারাটি তৈরি হয় প্রায় ৪৫ ডিগ্রি কোণে। ফলে অল্প পিক্সেল ব্যবহার করেও তীরের আকৃতি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা যায়।
কেন আজও একই রকম কার্সর দেখা যায়?
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটারের পর্দার রেজোলিউশন অনেক বেড়েছে। এখন আগের মতো পিক্সেলের সীমাবদ্ধতাও নেই। তবু মাউসের কার্সরের সেই বাঁকানো নকশা বদলায়নি। কারণ এই ডিজাইন ধীরে ধীরে কম্পিউটার ব্যবহারের পরিচিত অংশ হয়ে ওঠে। অ্যাপল ও উইন্ডোজের মতো জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানও একই ধরনের পয়েন্টার ব্যবহার শুরু করে। ফলে ব্যবহারকারীদের কাছে এই আকৃতিই হয়ে ওঠে স্বাভাবিক ও পরিচিত।
১৯৮১ সালে জেরক্স তাদের স্টার কম্পিউটারে কার্সরকে আবার সোজা করার চেষ্টা করেছিল। কিন্তু সেই নকশা শেষ পর্যন্ত জনপ্রিয় হয়নি। বরং বাঁকানো তীরচিহ্নই টিকে যায়।
অর্থাৎ মাউসের কার্সর আজ যে আকৃতিতে আমরা দেখি, তা নিছক সৌন্দর্যের জন্য তৈরি হয়নি। কয়েক দশক আগের প্রযুক্তিগত সীমাবদ্ধতা থেকেই জন্ম হয়েছিল এই নকশার। পরে সেটিই হয়ে উঠেছে কম্পিউটার ব্যবহারের অন্যতম পরিচিত প্রতীক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191786