কবি সুফিয়া কামালের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
কবিতায় মানবতা, লেখনীতে প্রতিবাদ আর কর্মে নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম—সব মিলিয়ে বাংলা সাহিত্য ও সমাজ-সংস্কৃতির ইতিহাসে এক অনন্য নাম বেগম সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা এই কবি, সাহিত্যিক ও সমাজকর্মীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২০ নভেম্বর)।
১৯৯৯ সালের এই দিনে ৮৮ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। রক্ষণশীল পারিবারিক পরিবেশের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও নিজ চেষ্টায় বাংলা ভাষা শেখেন এবং সাহিত্যচর্চায় অসামান্য দক্ষতা অর্জন করেন।
শৈশব থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন সুফিয়া কামাল। ১৯১৮ সালে কলকাতায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে তার পরিচয় হয়, যার চিন্তা ও ব্যক্তিত্ব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পরবর্তী সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যও তার সাহিত্যজীবনে বিশেষ প্রভাব ফেলে।
১৯২৬ সালে ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা ‘বাসন্তী’। এরপর ১৯৩৮ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’, যার ভূমিকা লিখেছিলেন স্বয়ং কাজী নজরুল ইসলাম। কবিতার পাশাপাশি গল্প, স্মৃতিকথা ও ভ্রমণবিষয়ক লেখায়ও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’, ‘শান্তি ও প্রার্থনা’ ও ‘উদাত্ত পৃথিবী’।
সাহিত্যচর্চার পাশাপাশি নারী শিক্ষা, সমঅধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন তিনি। ১৯৬৯ সালে গঠিত মহিলা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সুফিয়া কামাল, যা পরবর্তী সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিতি পায়। এ ছাড়া সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ। ১৯৬১ সালে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করার প্রতিবাদে তিনি সাংস্কৃতিক আন্দোলনে শামিল হন। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় পাকিস্তান সরকারের দেওয়া ‘তমঘা-ই-ইমতিয়াজ’ খেতাব প্রত্যাখ্যান করেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার ধানমন্ডির বাসভবন ‘সাঁঝের মায়া’ মুক্তিযোদ্ধাদের যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
সাহিত্য ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। কবিতার মানবিক আবেদন ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের মধ্য দিয়ে বেগম সুফিয়া কামাল আজও পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে আছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191771