প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
৬২ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৯৬৫ সালের ২০ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি।
শৈশব থেকেই সাধারণ ও অনাড়ম্বর পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের মতো চিন্তাবিদদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা অধ্যয়ন করেন তিনি।
তার বিশ্ববিদ্যালয়জীবনের সময়ই মা খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। রাজনৈতিক আন্দোলনের সেই পরিবেশ তারেক রহমানকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯৩ সালে হন বগুড়া জেলা বিএনপির সদস্য। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয়ে সংগঠক হিসেবে তারেক রহমানের ভূমিকা আলোচনায় আসে।
পরবর্তী সময়ে সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্যাতন ও একাধিক মামলার মুখোমুখি হন তিনি। তবে এসব পরিস্থিতি তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পারেনি। দীর্ঘ আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ধারণাও সামনে আনেন তিনি।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তিনি।
রাষ্ট্রের নির্বাহী, বিচার ও আইন বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তার ঘোষিত ৩১ দফা পরিকল্পনা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
ক্ষমতায় আসার পর তার নেতৃত্বাধীন সরকারের ঘোষিত উদ্যোগের মধ্যে রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনিক সংস্কার। ব্যাংকিং খাতে ঋণ আদায় জোরদারের ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের কথাও জানানো হয়েছে।
রপ্তানি খাতে যুক্তরাষ্ট্রসহ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধির দাবি করা হয়েছে। পাশাপাশি মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
সামাজিক সুরক্ষায় নিম্ন আয়ের পরিবারের জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সংশ্লিষ্ট সুদ মওকুফের কথাও জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতে হেলথ কার্ড ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতে স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, বিনামূল্যে ওয়াই-ফাই, শিক্ষাক্রমে নতুন বিষয় সংযোজন এবং শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড় করেছে সরকার।
ধর্মীয় কল্যাণে ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতার জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমা উদযাপনে নিরাপত্তা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ব্যবস্থার কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
সরকারি ব্যয় সংকোচনে অপ্রয়োজনীয় যানবাহন কেনা, বিদেশ সফর ও প্রশিক্ষণ কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলে সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার চর্চাকেও নাগরিক ভোগান্তি কমানো ও রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠায় সংসদে আলোচনা, প্রশ্নোত্তর এবং প্রাতিষ্ঠানিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগকে সংসদীয় চর্চা পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তারেক রহমানের ঘোষিত লক্ষ্য একটি বহুত্ববাদী বা ‘রেইনবো নেশন’ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান মর্যাদা, অধিকার ও সুযোগ পাবেন। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি, জলবায়ু সহনশীলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাও তার পরিকল্পনার অংশ।
সব মিলিয়ে গণতন্ত্র, রাষ্ট্রীয় সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণকে সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যাশার মধ্য দিয়ে ৬২ বছরে পদার্পণ করলেন তারেক রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191722