সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

বরিশাল নগরীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের তিনতলা ভবনে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ৪০ থেকে ৫০ জনের একটি দল ভবনটিতে ঢুকে জানালার কাচ ভাঙচুর করে। পরে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই ও বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং ভবনের অন্য অংশে বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের কেউ সেখানে থাকছেন না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191720