১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন

সারা দেশে গত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের স্থাপনা ও যানবাহনও নাশকতাকারীদের হামলার শিকার হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সংঘটিত এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে এবং দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি গাড়ি। একই সময়ে সাধারণ যানবাহন ও বিভিন্ন স্থানে ৭৪টি গাড়িতে আগুন এবং ৭৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সবকটি ঘটনার বিপরীতে আলাদাভাবে মামলা হয়েছে কি না, তা পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার (রেসপন্স) কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যেন নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না এবং যেকোনো নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191710