ফের প্রাণনাশের হুমকি পেলেন সইফ আলি খান
বলিউড অভিনেতা সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের ধারণা, ২০২৪ সালে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক জিশান আখতার এ হুমকির পেছনে থাকতে পারে। তবে সত্যিই তিনি জড়িত, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাও একই ধরনের হুমকি পেয়েছিলেন। ওই দুই ঘটনায় বৈভব মিশ্র নামের ৩০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বেঙ্গালুরুর এ তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীর সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগসূত্র পাওয়া যায়নি। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি হুমকিগুলো দিয়েছিলেন।
সইফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের নিজ বাসায় ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন এই অভিনেতা। রাত ২টার দিকে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে গলা ও পিঠে গুরুতর জখম হয় তাঁর। পরে হাসপাতালে প্রায় ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়।
এদিকে ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের বাইরে গুলিতে নিহত হন বাবা সিদ্দিকী। তিন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় জিশান আখতারকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
সইফের বিরুদ্ধে নতুন হুমকির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর ভক্তদের মধ্যে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191707