জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি এ আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদের ইমাম ও খতিবদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার বিষয়ে খুতবায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবাই সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191705