চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলের সংঘর্ষে ২ সহোদরের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে আপন দুই ভাইয়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।
নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। তারা কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তাদের বয়সের ব্যবধান মাত্র চার বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার ও ইরাত মোটরসাইকেলে করে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। ইরাতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, একই দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী ফাহিম (১৯) নামের হাটহাজারীর এক বাসিন্দাও গুরুতর আহত হয়েছেন বলে জেনেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191683