বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা জনাব আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। জনাব আজাদ আহমেদ স্বর্ণ ও হীরার অলংকারশিল্পে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মেসার্স আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি বেঙ্গল ডায়মন্ড লিমিটেডের চেয়ারম্যান এবং এসজিএল ল্যাব বাংলাদেশ লিমিটেডের পরিচালক। তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সহ-সভাপতি, একই সাথে স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং-এর চেয়ারম্যান। এছাড়া তিনি উদ্দীপন ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাধারণ পরিষদ ও সিলেট ক্লাবের সদস্য। এর আগে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সহ-সভাপতি এবং বাংলাদেশ জেমস্টোন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ব্যবসায়িক নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে তাঁর অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ব্যাংকের টেকসই অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191679