বল টেম্পারিংয়ে বোতলের ছিপি ব্যবহার করত পাকিস্তান : শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠলেই আলোচনায় আসে ২০১৮ সালের ‘স্যান্ডপেপার-কাণ্ড’। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বড় ধাক্কা দেয়া সেই ঘটনা আট বছর পর আবারও আলোচনায়। এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। খাজার এই দাবি নিয়ে যখন ক্রিকেটবিশ্বে আলোচনা চলছে, তখন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার জানালেন, তাদের সময়েও বলের আকৃতি পরিবর্তনে নানা কৌশল ব্যবহার করা হতো। তবে স্যান্ডপেপার নয়, পাকিস্তান ব্যবহার করত বোতলের ছিপি!
খাজার মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটবিশ্বে। তবে শোয়েব আখতারের মতে, আট বছর আগের ঘটনা নিয়ে এত আলোচনা করার প্রয়োজন নেই। উইজডেনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এবার থামুন। বিষয়টি ছেড়ে দিন। এটা নিয়ে এত হইচই করছেন কেন? আমি বুঝতে পারছি, এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি হয়েছিল। ইংল্যান্ডে খেলার সময় আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। বলও বদলাতাম, আরও অনেক কিছু করতাম। সত্যিটা সামনে এসেছে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে এত হইচই করার দরকার নেই।’
নিজের সাবেক সতীর্থদের নিয়েও অনেক কিছু বলার আছে বলে জানিয়েছেন শোয়েব। তবে তাদের প্রকাশ্যে বিব্রত করতে চান না তিনি। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘আমার সাবেক সতীর্থদের নিয়ে অনেক কিছু বলার আছে। তাদের অনেক ভুলের কথাও জানি। কিন্তু আমি সেসব বলতে চাই না। তাদের বিপদে ফেলতে পারব না। এমন সময়ও গেছে, যখন মনে হয়েছে আমি ২২ জনের বিপক্ষে খেলছি। কারণ, প্রতিপক্ষের প্রত্যেক খেলোয়াড়ই কোনো না কোনোভাবে নজরদারিতে ছিল। তখন কাকে বিশ্বাস করব, বুঝতে পারতাম না।’
খাজার দাবির সত্যতা নিয়েও নিজের মত জানিয়েছেন শোয়েব। তার ধারণা, বল টেম্পারিংয়ের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবারই জানা ছিল। কারণ, এ ধরনের কাজ সাধারণত দলের সিদ্ধান্ত ছাড়া করা সম্ভব নয়। এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘উসমান যা বলেছেন, সেটাই হওয়ার কথা। এটা দু-একজনের সিদ্ধান্ত হতে পারে না, পুরো দলেরই জানা থাকার কথা। আমরা ক্রিকেট বল নিয়ে খেলতাম। আমিও অনেক কিছু করেছি। পুরো দলই জানত। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে ম্যাচ জেতা কঠিন ছিল।’
তবে বল টেম্পারিংয়ের মতো ঘটনা যে হওয়া উচিত ছিল না, সেটিও স্বীকার করেছেন শোয়েব। তার মতে, খাজা সত্য প্রকাশ করে ঠিক কাজ করেছেন, তবে এ বিষয়ে কথা বলার সময়টি আরও ভালো হতে পারত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191651