যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পেলেন ডেমোক্রেটিক পার্টির হাকিম জেফ্রিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে এই পদে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা প্রতিনিধি পরিষদে স্পিকার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
বুধবার (১৮ নভেম্বর) এক রুদ্ধদ্বার ভোটাভুটিতে নিউইয়র্ক থেকে নির্বাচিত ৫৬ বছর বয়সী এই কংগ্রেস সদস্য নিজ দলের মনোনয়ন নিশ্চিত করেন। গোপন ব্যালটে ২৫১ ভোট পান জেফ্রিস। বিপক্ষে ভোট পড়ে ১১টি। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সমর্থনের জন্য দলীয় সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে হাকিম জেফ্রিস বলেন, ‘আমরা সবাই মিলে পরিবর্তন আনব। আর আমেরিকান জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলব!’
আগামী ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচন হবে। ওই দিন থেকেই নতুন মেয়াদ শুরু হবে। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জেফ্রিসের স্পিকার হওয়াটা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ২০১২ সালে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হন জেফ্রিস। ২০২২ সালে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি পদ ছাড়ার পর থেকে তিনি প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191650