২৮ নভেম্বর রাজশাহী আসছেন মিজানুর রহমান আজহারী

২৮ নভেম্বর রাজশাহী আসছেন মিজানুর রহমান আজহারী

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। 

আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর নানকিং দরবার হলে ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের ধারণা, রাজশাহীতে অনুষ্ঠিতব্য এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে। এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তারা। এসময় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল হতে যাচ্ছে। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতির দিকে নজর দেওয়া হচ্ছে। সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে মাহফিল সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191647