শিশু-কিশোরদের শিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ জরুরি

শিশু-কিশোরদের শিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ জরুরি

শিক্ষা ও সংস্কৃতির  মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। একটি আরেকটির পরিপূরক। বিশেষজ্ঞদের মতে,সংস্কৃতি ছাড়া কোন শিক্ষাই পূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে না। শিক্ষা ও সংস্কৃতির মূল উদ্দেশ্য হলো-মানুষের মৌলিক গুণাবলী অর্জন করে মনুষ্যত্ব অর্জন করা। শিক্ষার সাথে যদি সংস্কৃতির মেলবন্ধন না থাকে, তাহলে তা হবে শুধু হীরের অনুজ্জ্বল পাথর, যা থেকে  মনুষ্যত্ব বিকাশ ও সমাজ কল্যাণের জন্য কোন দীপ্তি বা আলো বিচ্ছুরিত হয় না। এজন্য শিশুকাল থেকেই একটি শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের পাশাপাশি তার ভেতরে গড়ে তুলতে হবে সামাজিক মূল্যবোধ। জানাতে হবে দেশের ইতিহাস,ঐতিহ্য ও রীতিনীতিকে। গড়ে তুলতে হবে সুস্থ মনের দায়িত্বশীল নাগরিক হিসেবে। 

এরিস্টটল বলেছেন- সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। কেউ বলেছেন, শিক্ষা হলো-শিশুর ব্যক্তি সত্ত্বার পরিপূর্ণ বিকাশ। আর পন্ডিত এডওয়ার্ড টেইলরের ভাষায় সংস্কৃতি হলো মানুষের বিশ্বাস, আচরণ, জীবন যাপন পদ্ধতি এবং জ্ঞানের একটি সমন্বিত রূপ। অর্থাৎ এখানে মানুষের আচার আচরণ, ভাষা, নিয়ম-কানুন, সামাজিক মূল্যবোধ, উৎসব পার্বণ, শিল্পকর্ম, ধর্ম বিশ্বাস সব কিছুই সংস্কৃতির অন্তর্ভূক্ত। তাই একজন শিশু শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে পারিবারিক, সামাজিক, নৈতিক ও আদর্শিক শিক্ষা গ্রহণও জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো-আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন যে-পরীক্ষায় ভালো ফল করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও  ছুটতে হয় এক কোচিং থেকে আরেক কোচিংয়ে, সেখানে তাদের সংস্কৃতি চর্চা বা খেলাধুলায়  সামান্য সময়ও দেওয়া হয় না। সংস্কৃতির মাধ্যমে নৈতিক মূল্যবোধ অর্জন করার যে সুযোগ,তা না পাওয়ায় তাদের মধ্যে মানবিক গুণাবলীরও বিকাশ ঘটছে না;যে কারণে তাদের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অসহিষ্ণুতা, মাদকাসক্তি, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, নিষ্ঠুরতা ইত্যাদি। 

২০১৫ সালে জাতিসংঘে যে  ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়, তার  মূল কথাই হলো মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি। সংস্কৃতি চর্চা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সেই স্থান, যেখানে শিশু তার সমাজ, পরিবেশ, ঐতিহ্য ও মানবিক গুণাবলীর সাথে পরিচিত হয়। কিন্তু শুধু ওই পরিচিতিটুকুই,সেগুলো মনন ও হৃদয়ে ধারণ করার সুযোগ তাদের হয় না। কারণ, চলমান শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি চর্চাকে সেভাবে গুরুত্বই দেওয়া হয়নি। 

অথচ সংস্কৃতির মধ্যে রয়েছে  গল্প কবিতা, নিবন্ধ লিখন, বিতর্ক, আবৃত্তি, অভিনয়, সংগীত, উপস্থাপনা ইত্যাদি। এসবকে চর্চার ব্যবস্থা পাঠ্যসূচির পাশাপাশি রাখা হলে তারা নিজেদের সাবলীলভাবে উপস্থাপন করার সুযোগ পেতে পারে, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ,সহনশীলতা,বুদ্ধিবৃত্তিক ভাবনা, গণতান্ত্রিক চেতনা লালন ইত্যাদিও শিখতে পারে। গবেষণায় দেখা গেছে-যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম সীমিত আকারে থাকে, সেখানকার শিক্ষার্থীরা যোগাযোগ দক্ষতা,দলগত কাজ এবং নিজের মেধা প্রকাশ করতে অনেক বেশি পারদর্শী হয়। ইউনেস্কোর ২০২২ সালের প্রতিবেদনে বলা হয়েছে যে, সংস্কৃতি, শিল্পকলা ও শিক্ষার সমন্বয় শিক্ষার্থীর সামগ্রিক মানসিক বিকাশকে ত্বরান্বিত করে। 

লক্ষ্য করা গেছে-পাঠ্য বইয়ের সাথে নিজস্ব সংস্কৃতির সংযোগ না ঘটিয়ে বারবার পাঠ্যপুস্তকভিত্তিক নতুন শিক্ষাক্রম প্রণীত হতে থাকায় শিশু শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। অপূর্ণ শিক্ষা নিয়ে আজকের শিশু কিশোররা কীভাবে দেশের কল্যাণে কাজ করবে? সম্ভব কি? এই উদ্বেগজনক  বাস্তবতাকে উপেক্ষা করাও তো সম্ভব না। এমনকি এখনকার জনপ্রিয় প্রযুক্তি তথা স্মার্টফোনের অপ্রতিরোধ্য প্রভাবকেও এই দুরবস্থার জন্য এককভাবে দায়ী করা যাবে না।

প্রযুক্তির বিকাশ ও ব্যবহার তো আমরা রোধ করতে পারবো না। সে কথা ভেবেই বিশেষজ্ঞ মহল বলছেন-প্রযুক্তি ব্যবহার সম্ভব হলে নিয়ন্ত্রিত রাখা যেতে পারে। তা সম্ভব না হলে প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখেই শিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ ঘটানোর উপায় খুঁজতে হবে। না খুঁজে তো উপায় নেই। বিগত বহু বছরে বেশ কয়েকটি প্রজন্ম সাংস্কৃতিক ধারার সুস্থ চিন্তা ও বোধ ছাড়াই বেড়ে উঠেছে। তাদের এভাবে বেড়ে ওঠার নেতিবাচক ফল এখন ভোগ করতে হচ্ছে গোটা জাতিকেই। এই উদ্বেগজনক প্রবণতাকে এখনি রুখে না দিলে অদূর ভবিষ্যতে একটি অর্ধশিক্ষিত পঙ্গু জাতিকে দেখতে হতে পারে আমাদের,যা কারোরই কাম্য নয়। 

তথ্যানুসন্ধানে দেখা গেছে-সংস্কৃতিমনস্ক নয় এমন অনেকেই শিক্ষকতায় যুক্ত হয়েছেন। তাদের পক্ষে শিশু কিশোরদের সৃজনশীল মেধার বিকাশ ঘটানো প্রায় অসম্ভব। শিক্ষদের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বা প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিয়ে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে রাষ্ট্রীয় উদ্যোগেই। শিক্ষার সাথে বাধ্যতামূলকভাবে সংস্কৃতি চর্চার সংযোগ ঘটাতে হবে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে,যাতে তারা ভাবতে শেখে-সংস্কৃতি চর্চা প্রাতিষ্ঠানিক শিক্ষারই একটি অপরিহার্য অংশ। আশার কথা,বর্তমান সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। 

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার একটি খবরে বলা হয়েছে- ২০২৮ সালেরর জন্য প্রণীতব্য নতুন প্রাথমিক শিক্ষাক্রমে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলার ছলে শেখা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। একই সংস্থা বলছে-শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন-শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কার্যক্রমের সাথে সহশিক্ষা (সংস্কৃতি চর্চাসহ) কার্যক্রম চালু করা হচ্ছে। এসব পরিকল্পনা চিন্তাভাবনায় আটকে না থেকে সমন্বিতভাবে বাস্তবায়ন হোক, সেটিই এখন প্রত্যাশা।  
                                                                  
লেখকঃ কবি, কথাশিল্পী ও কলামিষ্ট 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191613