রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৬৬ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, এসআরইউ ৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191609