দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেশন রোডে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগে। এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রথমে দীপু মনির বাসায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে দীপু মনির বাসায় আগুন লাগার বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191600