চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় অন্তত ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর চট্টমেট্রো-ছ ১১-২১৪৮।
কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া জানান, আহতদের মধ্যে ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এ ছাড়া কলেজ বাজার সাউথ হাসপাতালে ৬ থেকে ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191597