টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা
পিরোজপুর থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়ন পর্যন্ত কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। প্রয়োজনে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য এবং পিরোজপুরের বিভিন্ন এলাকায় নাশকতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
পিরোজপুর শহর থেকে শোডাউন শুরু করে নেতাকর্মীরা নাজিরপুর উপজেলা সদরে যান। সেখানে উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা ছাত্রদলের নেতারা।
সভায় সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হওয়া নিপীড়িত নেতাকর্মীদের ওপর হামলা বা বাড়িঘরে আগুন দেওয়া হলে কোনো ফ্যাসিস্টের বাড়িঘরও থাকবে না। তিনি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নাজিরপুরের নেতাকর্মীদের যেকোনো বিপদে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাবেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখলে তা হবে ভুল ধারণা। বিএনপি ও ছাত্রদল ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও করবে। তবে পরিস্থিতি সহনশীলতার সীমা ছাড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সহযোগিতা না করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মতবিনিময় শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গত ১৮ নভেম্বর রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।
পরে মোটরসাইকেল শোডাউন নিয়ে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী এলাকায় যান তারা। সেখানে গত দুই দিনে বিএনপির দুটি কার্যালয় ও এক নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় স্থানীয় ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই এলাকায় আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে শোডাউন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে তারা পিরোজপুরে ফিরে যাওয়ার পথে বিভিন্ন এলাকায়ও মোটরসাইকেল শোডাউন করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191594