বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামে ভ্রাম্যমান আদালত মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে আশরাফুল (২৮) ও মাসুদ রানা (২৮) নামের দুই মাদক সেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকাল আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের সদস্যদের সাথে নিয়ে আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তালুকদার মো. ইন্তেজার।
দন্ডপ্রাপ্ত আশরাফুল শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং মাসুদ রানা শাহ্ নগর গ্রামের আব্দুল কাফি’র ছেলে।
অভিযানকালে মাদক সেবনপূর্বক জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ পূর্বক জনসম্মুখে বিনষ্ট করেন ভ্রাম্যমান আদালত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191574