আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলটির বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেশে-বিদেশে বারবার তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিয়েছে।
আজ (বুধবার, ১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়াতে হবে। অন্য কারও বশ্যতা মেনে নেয়ার জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।’
তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।’
বিদেশ সফর প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক সংসদের অগ্রযাত্রা ব্যাহত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের আলো-বাতাসে বেড়ে ওঠা তাবেদার অপশক্তিকে ব্যবহার করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে একটি মহল।’
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে। গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে।’