বগুড়ার ধুনটে দিনমজুরের জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে দিনমজুর আইয়ুব আলীর কেনা জমি দখল করে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আইয়ুব আলী বাদি হয়ে রোববার ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের দিনমজুর আইয়ুব আলী গত জানুয়ারি মাসে জোড়শিমুল গ্রামের আসাদুল ইসলামের কাছ থেকে ১৩ শতক জমি কিনে নেন। কিন্ত পূর্ববিরোধের জের ধরে ১৬ নভেম্বর সকালে একই গ্রামের মোসাব্বের হোসেন বেঙ্গু ও মুকুল হোসেন পূর্বপরিকল্পিতভাবে ওই জমিতে প্রবেশ করেন।
এ সময় আইয়ুব আলীর অনুপস্থিতিতে জমিতে থাকা কলাগাছ কেটে ফেলে সেখানে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণের চেষ্টা করেন অভিযুক্তরা। খবর পেয়ে আইয়ুব আলীর স্ত্রী ডলি খাতুন মোবাইল ফোনে বিষয়টি আইয়ুব আলীকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের কেনা জমিতে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। এতে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ভীতি দেখান।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191549