সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবির নজরদারি জোরদার

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবির নজরদারি জোরদার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র দায়িত্বপূর্ণ দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

এ বিষয়ে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191545