১,৯০০ কোটি টাকা ব্যয়ে ছয় লেন হচ্ছে বগুড়ার মোকামতলা-জয়পুরহাট-হিলি মহাসড়ক
বগুড়ার মোকামতলা থেকে কালাই ও জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত মহাসড়ক সার্ভিস রোডসহ ছয় লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ ছাড়া আমতলী, কিচক, কালাই ও বটতলীতে চারটি ওভারপাস নির্মাণ করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোকামতলা-কালাই-জয়পুরহাট-হিলি মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। মহাসড়কটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে চারটি ওভারপাসও নির্মাণ করা হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিভিন্ন স্থানে যানজটের মুখে পড়তে হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারকেন্দ্রিক এলাকায় যানবাহনের চাপ বাড়ায় যাতায়াতে সময় বেশি লাগে। সড়ক দুর্ঘটনার ঘটনাও অহরহ। সার্ভিস রোড সহ ৬ লেনে উন্নীতকরণের ফলে এসব ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ ছাড়াও হিলি স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য পরিবহনে এ মহাসড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সড়কটির সক্ষমতা বাড়লে স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। পাশাপাশি জয়পুরহাটের কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
বগুড়ার মোকামতলা থেকে শুরু হয়ে কালাই ও জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত বিস্তৃত এই মহাসড়ক উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু সড়কের অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রকল্পটি অনুমোদন হওয়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলাকাবাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191494