প্রধানমন্ত্রীর উদ্যোগে চোখে অস্ত্রোপচার হলো তিন বছরের শিশু আবু বক্করের
জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছে তিন বছর বয়সী শিশু আবু বক্কর। শিশুটির চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের। বিষয়টি জানার পর শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের দেখানো হয় আবু বক্করকে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানী ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম. আর. হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শিশুটির পরিবারের সঙ্গেও কথা বলেন। তাঁরা আবু বক্করের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এ. এস. এম. মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191491