ইরানে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত বৃহত্তম দ্বীপ কেশমে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল আঘাত হানে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো নিশ্চিত করেনি ইরান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনার পর একাধিক ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল আঘাত হানার খবর পাওয়া গেছে। এসব বিস্ফোরণের উৎস এবং কোথা থেকে হামলা চালানো হয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে। তবে ব্যবহৃত অস্ত্রের ধরন সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অসমর্থিত সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কেশম দ্বীপে হামলাটি যুক্তরাষ্ট্রের বিমান হামলার ফল হতে পারে। এর আগে মঙ্গলবার ভোরে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালায় ইরান। এর জবাবেই ওয়াশিংটন কেশমে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
এর আগে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, কেশম শহরের উত্তর-পশ্চিম দিকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। একই সময়ে হরমুজ প্রণালিসংলগ্ন দ্বীপটির আকাশে ধোঁয়া উড়তেও দেখা যায়। তবে হামলার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191448