পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক : দর্শকখরা থাকলেও ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জমে উঠেছিল গোল, লাল কার্ড ও নাটকীয়তায়। শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। একই সঙ্গে সাফের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়েছে নওশাদ মুসার দল।

মঙ্গলবারের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাকিস্তান। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে রাখে তারা। ১৮ মিনিটে ম্যাককেল আবদুল্লাহর শট দারুণ দক্ষতায় ঠেকান ভারতীয় গোলরক্ষক আর্শ শেখ। আরেকটি আক্রমণ গোললাইন থেকে ফিরিয়ে দেন ভারতের এক ডিফেন্ডার।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর গোল ঠেকাতে পারেনি ভারত। জুনায়েদ শাহর নিচু পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজি।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ভারত। ৫১ মিনিটে বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৫৪ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ভারতের ব্রাইসন ফার্নান্দেজকে পেছন থেকে ফাউল করায় পাকিস্তানের জুনায়েদ শাহকে প্রথমে লাল কার্ড দেখানো হয়নি। পরে ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পাকিস্তানকে।

এরপর ফ্রি-কিক থেকে তৈরি হওয়া আক্রমণে ডান দিক দিয়ে লুংডিমের ক্রস থেকে বল পেয়ে ৬০ মিনিটে ভারতকে সমতায় ফেরান সুহাইল ভাট।

এক খেলোয়াড় কম নিয়ে পাকিস্তান রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। গোলরক্ষক ইউসুফ বাট কয়েকবার দলকে রক্ষা করলেও ৮৮ মিনিটে আর পারেননি। আবদুল রাবিহের কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন সন্দীপ মান্ডি। গোলের পর জার্সি খুলে উদ্‌যাপনে মাতেন তিনি।

বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের শিরোপার স্বপ্ন শেষ হয় শেষ মুহূর্তে। অন্যদিকে দশম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ে ভারত।

এদিকে ফাইনালে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। শুরুতে এক হাজার টাকা নির্ধারিত গ্যালারির টিকিট বাংলাদেশ সেমিফাইনালে বাদ পড়ার পর কমিয়ে ২০০ টাকা করা হলেও গ্যালারি পূর্ণ হয়নি। মাঠে উত্তেজনাপূর্ণ লড়াই হলেও দর্শকসংখ্যার ঘাটতি ছিল স্পষ্ট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191447