খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং খালেক ভ্যানচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন ভ্যানে করে নিজেদের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এ ছাড়া তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মানের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি পা, হাত ও ঘাড়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191441