রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সেখানে একটি ককটেল বিস্ফোরিত হলেও পাশে পড়ে থাকা আরেকটি অবিস্ফোরিত ককটেলে কেউ হতাহত হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাকে ফোন করে দুটি ককটেল পড়ে থাকার কথা জানান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অক্ষত রয়েছে। অবিস্ফোরিত ককটেল উদ্ধারে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে আসা কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সেখানে পৌঁছায়। বিশেষজ্ঞ দল এলে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হবে।

প্রক্টর আরও জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তাকে ফোন করে ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার কথা বলেন। অন্যথায় পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রক্টরের ভাষ্য, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এটি বিচ্ছিন্ন ঘটনা।

এদিকে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হন। পরে ছাত্রদলের একদল নেতাকর্মী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191439