মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল নিক্ষেপ, আটক ১
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় মঙ্গলবার রাতে পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া শ্যামলী এলাকা থেকে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায় এবং ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় এলাকায়ও একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
এ ছাড়া বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজ এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191437