সিরাজগঞ্জের তাড়াশে আমন ধান চাষিরা আশানুরুপ ফলন ও ভালো দামে বেজায় খুশি

সিরাজগঞ্জের তাড়াশে আমন ধান চাষিরা আশানুরুপ ফলন ও ভালো দামে বেজায় খুশি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শস্য ভান্ডার খ্যাত তাড়াশ উপজেলায় চলতি বছর রোপা আমন ধানের বাম্পার ফলন ও ধানের ভালো দাম পাওয়ায় কৃষক বেজায় খুশি।

তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এ উপজেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩হাজার ৮শ’ হেক্টর জমিতে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর বন্যা কম হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৪ হাজার ৫ হেক্টর জমিতে।

এ বছর বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। তারমধ্যে ব্রি-ধান ৯০, ব্রি-ধান ৭৫, ব্রি ধান ১০৩ ও কাটারী ভোগ ধান রয়েছে। বর্তমানে উত্তর তাড়াশের দেশীগ্রাম, তালম, বারুহাস, মাধাইনগর ইউনিয়নের প্রায় ২০ ভাগ জমিতে ধান কাটা হয়েছে।

প্রতি বিঘা জমিতে ব্রি-৯০ ধান ১৬-১৮মণ, ব্রি-১০৩ ধান ২০-২২ মণ, কাটারী ১৭-১৮ মণ হিসেবে ফলন হচ্ছে। বর্তমান বাজারমূল্যে মণ প্রতি ৯০ধান ২৩শ’ টাকা, ৭৫ধান ১৫-১৭শ’ টাকা, ১০৩ ধান ১৩-১৪শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে স্থানীয় হাট বাজারে।

আড়ংগাইল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, এবছর আল্লাহ জমিতে পর্যাপ্ত ধান দিয়েছেন। এ মৌসুমে ধান উৎপাদনে খরচ কম হয়। পাশাপাশি উৎপাদন আশানুরুপ ও বাজার মূল্য ভাল হওয়ায় আমরা লাভবান হব। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যেভাবে তাড়াশ উপজেলায় কৃষি জমি কেটে পুকুর তৈরি করা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে কৃষিতে বিপর্যয় আসতে পারে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তালহা বিশ্বাস ও মো. জয়নাল আবেদীন জানান, উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে এসেছি, কৃষক সেইভাবে জমিতে কাজ করায় এ বছর পোকা মাকরের উপদ্রব নেই বললেই চলে। ফলে কৃষকরা উৎপাদন ব্যয় কম হওয়ায় লাভবান হচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191436